অন্তর্বর্তী সরকারের টিকা সংগ্রহে গাফিলতির অভিযোগ
স্টাফ রিপোর্টার, ২১ জুন, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হামের টিকা সংগ্রহে তহবিল সংকটের পাশাপাশি গাফিলতি ছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।
তবে বিষয়টির তদন্তের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।
রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। গ্রাম ও শহরের মধ্যে চিকিৎসাসেবার কোনো বৈষম্য থাকবে না।
তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে স্বাভাবিক প্রসবের জন্য নির্দিষ্ট ইউনিট না থাকায় এখন থেকে তা নিশ্চিত করা হবে বলেও জানান ড. জিয়াউদ্দিন হায়দার।
