ফ্যাসিবাদ রোধে প্রত্যয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ রোধে প্রত্যয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩তম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তৃতার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়ে বলেন, “আমাদের আজকের অঙ্গীকার হোক—এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার প্রতিষ্ঠা পাবে না, এবং কেউ যেন এই রাষ্ট্রকে তাদের অনুগত রাষ্ট্রে পরিণত করতে না পারে।”

সোমবার (২৯ জুন) সকালে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

দেশকে পুনর্গঠনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ঘুরে দাঁড়ানোর আমাদের আর কোনো বিকল্প নেই।” তিনি উল্লেখ করেন, “সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের পথে এগিয়ে চলছে। তবে এটি অত্যন্ত কঠিন একটি পথ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ আমরা প্রত্যেকে গ্রাম-গঞ্জে ঘোরা মানুষ, সাধারণ মানুষের সঙ্গে ওঠা-বসা করি। দেখেছি, বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী। আমাদের তরুণ সমাজ মেধাবী, কৃষকরা উৎপাদনশীল, প্রবাসীরা দেশপ্রেমিক এবং উদ্যোক্তারা সম্ভাবনাময়। তাই ঘুরে দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো পথ নেই।”

সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর শব্দের মাঝেই প্রধানমন্ত্রী বলেন, “আমি এই মহান সংসদের সকল সদস্যকে আহ্বান জানাই, এই বাজেটকে কেবল সরকারের বাজেট হিসেবে না দেখে, আসুন আমরা সবাই একসঙ্গে এটিকে একটি ‘পুনর্গঠনের বাজেট’ হিসেবে গ্রহণ করার চেষ্টা করি।”

সংসদ নেতা হিসেবে তিনি আরও যোগ করেন, “আমাদের মধ্যে মতভেদ থাকা স্বাভাবিক। কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব, আর্থিক খাতে আস্থার পুনরুদ্ধার, কৃষক-শ্রমিক-তরুণ-নারী ও প্রবাসী উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়ে আমরা সবাই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব।”